সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাল বাংলাদেশ মহিলা পরিষদ
কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ রোববার (২২ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে একটি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং বক্তব্য দেন সহসভাপতি ডা. মাখদুমা নার্গিস রত্না ও সাধারণ সম্পাদক মালেকা বানু। কবির কন্যা, বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য দেন ঢাকা ওয়াইডব্লিউসিএ অব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার পূরবী তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফজিলা খাতুন লতা। শুরুতে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়, এরপর দলীয় ও একক সংগীত পরিবেশন, কবির রচনা পাঠ এবং তার জীবন নিয়ে নির্মিত ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণে জননী সাহসিকা কবি সুফিয়া কামাল’ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। বক্তারা নারী অধিকার, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠায় সুফিয়া কামালের অসামান্য অবদানের কথা স্মরণ করেন এবং বর্তমান সমাজের নৈতিক অবক্ষয় দূর করতে তার আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। মালেকা বানু বলেন, প্রয়াণের ২৭ বছর পরও সুফিয়া কামাল সাহস ও প্রেরণার উৎস হয়ে আছেন এবং তিনি বিভিন্ন প্রজন্মের নারী ও মানবাধিকারকর্মীকে ঐক্যবদ্ধ করেছিলেন একটি সাম্যভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে।