সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ
আন্তর্জাতিক সিডও দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় বাংলাদেশ মহিলা পরিষদ বলেছে, উত্তরাধিকার ও সম্পদ-সম্পত্তিতে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত না করে শুধু নীতিকথা বা সচেতনতা দিয়ে নারীর পূর্ণ সমতা অর্জন সম্ভব নয়। সংগঠনটির মতে, সম্পত্তির মালিকানা নারীর অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক মর্যাদা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের প্রধান অতিথির উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় মহিলা পরিষদের আন্তর্জাতিক উপপরিষদের সদস্য লুনা নূর মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধে বলা হয়, অর্থনীতিতে নারীর অবদান বাড়লেও বৈষম্যমূলক পারিবারিক আইনের কারণে উত্তরাধিকার ও পারিবারিক সম্পত্তি বণ্টনে বৈষম্য এখনো রয়ে গেছে। কৃষিতে নারীর অংশগ্রহণ বাড়লেও জমির ওপর নিয়ন্ত্রণ প্রায় নেই, এবং সম্পত্তির মালিকানা না থাকায় নারী উদ্যোক্তাদের ব্যাংকঋণ পাওয়া কঠিন হয়ে পড়ে, ফলে তাদের এনজিও বা ক্ষুদ্রঋণের ওপর নির্ভর করতে হয়। সিডও সনদের ২ ও ১৬(১)(গ) ধারায় বাংলাদেশের দীর্ঘদিনের সংরক্ষণ প্রত্যাহারের দাবি পুনর্ব্যক্ত করা হয়, যা ২০১৬ সালে সিডও কমিটিও সুপারিশ করেছিল। সভায় উত্তরাধিকারে আইন সংস্কার, বিবাহিত জীবনে অর্জিত সম্পত্তি ও খাসজমিতে বাধ্যতামূলক যৌথ মালিকানা, নারী উদ্যোক্তাদের জন্য সহজ ব্যাংকঋণ, বিনামূল্যে আইনি সহায়তা ও সচেতনতামূলক কার্যক্রম জোরদারসহ পাঁচ দফা সুপারিশ তুলে ধরা হয়। বিভিন্ন নারী অধিকার সংগঠনের প্রতিনিধি, অর্থনীতিবিদ, আইনজীবী ও উন্নয়নকর্মীরা সভায় অংশ নেন।