বাংলাদেশ মহিলা পরিষদসহ অধিকার সংগঠনগুলোর সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি ও ভূমি অধিকারের দাবি
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ঢাকার সিরডাপ মিলনায়তনে ৬ আগস্ট ‘আদিবাসী জনগণ: জীবন, ভূমি অধিকার ও সাংস্কৃতিক সম্মান’ শীর্ষক এক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ও বাংলাদেশ আদিবাসী ফোরামের নেতৃত্বে বাংলাদেশ মহিলা পরিষদ, জাতীয় আদিবাসী পরিষদ, ব্লাস্ট, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও নিজেরা করিসহ ১৭টি মানবাধিকার ও উন্নয়ন সংগঠন এই সেমিনারের আয়োজন করে। বক্তারা সংবিধান সংশোধন করে ‘উপজাতি’ বা ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’র মতো শব্দ বাদ দিয়ে ‘আদিবাসী’ শব্দ অন্তর্ভুক্তির দাবি জানান এবং আদিবাসীদের প্রথাগত ভূমি মালিকানার আইনগত স্বীকৃতির আহ্বান জানান। তাঁরা সমতলের আদিবাসীদের জমি অবৈধভাবে হস্তান্তর ঠেকাতে ১৯৫০ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ৯৭ ধারা কঠোরভাবে কার্যকর করার দাবি জানান এবং পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন অবিলম্বে সক্রিয় করে ২৭ হাজারের বেশি বিচারাধীন আবেদন নিষ্পত্তির আহ্বান জানান। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ড. ফৌজিয়া মোসলেম বলেন, ভূমি আদিবাসী সংস্কৃতি ও অস্তিত্বের ভিত্তি, তাই ভূমিহীনতা বন্ধ করা, প্রথাগত ভূমি মালিকানার আইনি স্বীকৃতি দেওয়া এবং সমতলের আদিবাসীদের জন্য স্বতন্ত্র ভূমি কমিশন গঠন জরুরি। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিতর্কহীনভাবে সাংবিধানিক স্বীকৃতি ও আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস গঠনের আহ্বান জানান।