মেয়েদের বিয়ের বয়স ১৬ করার দাবির তীব্র প্রতিবাদ গার্লস নট ব্রাইডস বাংলাদেশের, বাল্যবিবাহ বৃদ্ধির আশঙ্কা
বাংলাদেশ মহিলা পরিষদসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘গার্লস নট ব্রাইডস বাংলাদেশ’ মেয়েদের আইনি বিয়ের ন্যূনতম বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করার দাবির তীব্র প্রতিবাদ জানিয়েছে। পঞ্চগড় জেলা মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার সমিতি সম্প্রতি মানববন্ধন করে মেয়েদের বিয়ের বয়স ১৬ এবং ছেলেদের ১৮ বছর নির্ধারণের দাবি তোলে, যার তীব্র বিরোধিতা করেছে প্ল্যাটফর্মটি। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা বলেছে, দেশে বাল্যবিবাহের প্রবণতা যখন ঊর্ধ্বমুখী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো একযোগে এটি প্রতিরোধে কাজ করছে, তখন এমন দাবি বাল্যবিবাহকে উৎসাহিত করার একটি অপকৌশল। তারা একে অযৌক্তিক দাবি আখ্যা দিয়ে বলেছে, এটি বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার এবং শিশু অধিকারের পরিপন্থী। বিবৃতিতে উল্লেখ করা হয়, সরকারি নিবন্ধনপ্রাপ্ত নিকাহ রেজিস্ট্রারদের দায়িত্ব হলো প্রচলিত আইন অনুযায়ী বিবাহ নিবন্ধন করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে আইন বাস্তবায়নে ভূমিকা রাখা, বিয়ের বয়স কমানোর দাবি তোলা নয়। গার্লস নট ব্রাইডস বাংলাদেশ নিকাহ রেজিস্ট্রারদের জনস্বার্থ, দেশের আইন ও মানবাধিকারের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে এবং এ ধরনের তৎপরতা প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেছে। এই কোয়ালিশনে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন, ব্র্যাক, বাংলাদেশ মহিলা পরিষদ, বিএনডব্লিউএলএ, ব্লাস্ট, অ্যাকশনএইড বাংলাদেশসহ বেশ কিছু সংগঠন রয়েছে।