পটুয়াখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নারীর অধিকার ও মানবাধিকার সুরক্ষায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ পটুয়াখালী জেলা শাখা কমিটির উদ্যোগে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক একটি সাংগঠনিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে শহরের কলেজ রোডস্থ প্রভাতি প্রি-ক্যাডেট স্কুলে জেলা মহিলা পরিষদের সভাপতি শিরিন নাহারের সভাপতিত্বে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম, কেন্দ্রীয় কমিটির লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার ফজিলা খাতুন লতা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মোর্শেদা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক সাবরিনা শাহনাজ, প্রশিক্ষণ, গবেষণা ও গ্রন্থাগার বিষয়ক খাদিজা সুলতানা, রাশিদা বেগম, মাহফুজা ইসলাম, সেলিনা আক্তার খানসহ জেলা মহিলা পরিষদের অর্ধশতাধিক সদস্যা। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কয়েকটি গ্রুপে ভাগ করে দলগত কাজ ও উপস্থাপনা করানো হয়, যার মূল লক্ষ্য ছিল সদস্যদের মধ্যে সচেতনতা ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করা।