যশোর মহিলা পরিষদের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, লিঙ্গবৈষম্য দূরীকরণের আহ্বান
বাংলাদেশ মহিলা পরিষদের যশোর জেলা শাখা "লিঙ্গীয় বৈষম্য দূর করি, সমতাপূর্ণ সমাজ গড়ি" প্রতিপাদ্যে সংগঠনের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। জেলা কার্যালয়ে উপ-পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি আফরোজা শিরীন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা, জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতানা রহমান জলি, অর্থ সম্পাদক উম্মে মাকসুদা মাসু এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সায়েদা বানু শিল্পীসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে সমবেত জাতীয় সংগীত পরিবেশিত হয়, এরপর গান পরিবেশন করেন সহ-সভাপতি রোজিনা রহমান, নাসিমা বানু লিলি ও উদীচী শিল্পী সুমা বড়াল। বক্তারা বলেন, মহিলা পরিষদ নারীর মানবাধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘ ৫৬ বছর ধরে কাজ করে চলেছে এবং এর ফলে নারীরা আজ অধিকার সম্পর্কে সচেতন হয়েছেন এবং সামাজিক-অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অংশগ্রহণ বেড়েছে। তবে তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, নারীর উন্নয়নের পাশাপাশি নারীর প্রতি সহিংসতাও বেড়েছে এবং এসব ঘটনা বন্ধ হওয়া প্রয়োজন। সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কমিটির লিগ্যাল এইড সম্পাদক অ্যাডভোকেট কামরুন নাহার কনা।