অক্টোবরে ২৪০ নারী ও কন্যাশিশু সহিংসতার শিকার: বাংলাদেশ মহিলা পরিষদ
বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, সদ্যবিদায়ী অক্টোবর মাসে দেশে ধর্ষণ, হত্যা, যৌন নিপীড়ন, অপহরণসহ বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন ২৪০ জন নারী ও কন্যাশিশু। সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, এ সময়ে ধর্ষণের শিকার হয়েছেন ৫১ জন, যাঁদের মধ্যে ৩৪ জন কন্যাশিশু ও ১৭ জন নারী। এর মধ্যে ১৬ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এবং দুই কন্যাশিশুসহ তিনজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ছাড়া ১৭ জন কন্যাশিশুসহ মোট ২১ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বিভিন্ন কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৪২ জন, রহস্যজনক মৃত্যু হয়েছে ২৮ জনের এবং আত্মহত্যা করেছেন ২৩ জন। সাতজনকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছে। যৌন সহিংসতার শিকার হয়েছেন ২১ জন, যার মধ্যে নয়জন যৌন নিপীড়নের এবং নয়জন উত্ত্যক্তকরণের শিকার। তিনজন সাইবার সহিংসতার শিকার হয়েছেন, একজন অ্যাসিডদগ্ধ ও চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। যৌতুকের কারণে সাতজন নারী নির্যাতিত হয়েছেন, যাঁদের ছয়জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া ছয়জন কন্যাশিশুকে অপহরণ এবং ২১ জনকে অপহরণের চেষ্টা করা হয়েছে, দুজন পাচারের শিকার হয়েছেন এবং একটি বাল্যবিয়ের ঘটনা ঘটেছে। সংগঠনটি এই ক্রমবর্ধমান সহিংসতার প্রবণতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।