বিএমপি প্রতিবেদন: অক্টোবরে বাংলাদেশে ৪২ নারী-কন্যা খুন, মোট নির্যাতিত ২৪০ জন
বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ কর্তৃক ১৫টি জাতীয় দৈনিক ও ২টি অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রকাশিত মাসিক প্রতিবেদনে উঠে এসেছে, চলতি বছরের অক্টোবর মাসে দেশে নারী ও কন্যা নির্যাতনের মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ ছিল হত্যাকাণ্ড। এই মাসে ৪২ জন নারী ও কন্যা হত্যার শিকার হয়েছেন, যাদের মধ্যে ৩৫ জন নারী এবং ৭ জন কন্যা। সামগ্রিকভাবে অক্টোবর মাসে মোট ২৪০ জন নারী ও কন্যা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন, যার মধ্যে ১৩১ জন নারী এবং ১০৯ জন কন্যা।
প্রতিবেদন অনুযায়ী, ৫১ জন নারী ও কন্যা (৩৪ জন কন্যা, ১৭ জন নারী) ধর্ষণের শিকার হয়েছেন, আর ৬ জন কন্যাসহ ১৬ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ২ জন কন্যাসহ ৩ জন, এবং ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন আরও ২১ জন। রহস্যজনক মৃত্যুর শিকার হয়েছেন ২৮ জন এবং আত্মহত্যা বা আত্মহত্যার প্ররোচনায় প্রাণ হারিয়েছেন ২৪ জন। যৌন সহিংসতার শিকার হয়েছেন ২১ জন। যৌতুকের কারণে নির্যাতিত হয়েছেন ৭ জন, যাদের মধ্যে ৬ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া ৪ জন অগ্নিদগ্ধ এবং ২১ জন অপহরণের শিকার হয়েছেন।
প্রতিবেদনে ঢাকায় এক নারীকে হত্যার পর লাশ শেরপুরে ফেলে দেওয়া এবং ধানমন্ডিতে এক সাবেক রাষ্ট্রদূতের স্ত্রীকে তাঁর ছেলের হাতে খুন হওয়ার মতো আলোচিত ঘটনার উল্লেখ করে দেশে নারী ও কন্যার প্রতি সহিংসতার ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।