জলবায়ু ঝুঁকি মোকাবেলায় নারীদের অংশগ্রহণ নিয়ে সাতক্ষীরায় মহিলা পরিষদের কর্মশালা
বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ৯ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৯.৩০ মিনিটে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কৃষি ও অকৃষিখাতে নারীদের অংশগ্রহণ” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আন্জুমানারা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্ত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির পরিবেশ ও জলবায়ু সম্পাদক পারভীন ইসলাম। এছাড়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা মরিয়ম খাতুন এবং সাতক্ষীরা জেলা শাখার বিভিন্ন পদের নেত্রীবৃন্দ— সহ-সভাপতি শামিমা সুলতানা, সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র, অর্থ সম্পাদক হাফিজা খাতুন, লিগ্যাল এইড সম্পাদক নাছিমা নাজরিন এবং ব্রাঞ্চ এক্সিকিউটিভ মোঃ মফিজুল ইসলামসহ জেলা ও পাড়া কমিটির নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের নারীদের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে সচেতন করার পাশাপাশি জলবায়ু-সহনশীল কৃষি, আধুনিক কৃষি প্রযুক্তি এবং বিকল্প অকৃষি আয়মুখী কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীরা পুরুষের পাশাপাশি আধুনিক কৃষিতে কীভাবে যুক্ত হতে পারে, বাড়ির আঙিনায় সবজি চাষ ও হাঁস-মুরগি পালনের সুযোগ এবং উদ্যোক্তা হিসেবে বিভিন্ন কাজে অংশগ্রহণের বিষয়েও আলোচনা করা হয়।