বাংলাদেশ মহিলা পরিষদের জোবেদা হক জেন্ডার রিসার্চ অ্যান্ড রিসোর্স সেন্টার উদ্বোধন
তৃণমূলের নারী আন্দোলনের বাস্তব অভিজ্ঞতাকে তাত্ত্বিক ও প্রাতিষ্ঠানিক গবেষণার সঙ্গে যুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ ‘জোবেদা হক জেন্ডার রিসার্চ অ্যান্ড রিসোর্স সেন্টার’ চালু করেছে। রাজধানীর সেগুনবাগিচায় মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে বুধবার বিকালে এক অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই আয়োজনে তরুণ গবেষকদের অনুপ্রাণিত করতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য তিনটি ফেলোশিপ কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়। মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, প্রযুক্তিনির্ভর এই বিশ্বে শুধু সুযোগ বাড়ালেই চলবে না, নারীকে উন্নয়ন ও স্থায়িত্বশীলতার প্রতিটি জায়গায় অন্তর্ভুক্ত করতে হবে এবং নারীর অধিকার সুনিশ্চিত না হলে এই উন্নয়ন টেকসই হবে না। তিনি এই রিসোর্স সেন্টারকে একটি জাতীয় প্ল্যাটফর্মে রূপান্তরের আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক আয়েশা বানু জেন্ডার গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর জোর দেন এবং তরুণ প্রজন্মকে আন্দোলন ও নেতৃত্বের অগ্রভাগে আসার আহ্বান জানান। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শান্তনু মজুমদার ফেলোশিপে আগ্রহীদের বৈজ্ঞানিক ও বাস্তবায়নযোগ্য গবেষণা প্রস্তাব তৈরির পরামর্শ দেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, বিআইজিডি-র প্রতিনিধি মাহিন সুলতানা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং মহিলা পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ প্রায় ৯০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।