আগস্টে ২৫২ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার: বাংলাদেশ মহিলা পরিষদ
বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, চলতি বছরের আগস্ট মাসে দেশে ২৫২ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন, অর্থাৎ প্রতিদিন গড়ে আটজন। সংগঠনটির কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদ ১৫টি জাতীয় দৈনিক ও দুটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে এই তথ্য সংকলন করেছে। নির্যাতনের শিকার ২৫২ জনের মধ্যে ১১৮ জন কন্যাশিশু এবং ১৩৪ জন নারী।
প্রতিবেদন অনুযায়ী, আগস্টে ৫৫ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যাদের মধ্যে ১০ জন কন্যাশিশু ও ৪৫ জন নারী। ধর্ষণের শিকার হয়েছেন ৫৪ জন, তাদের মধ্যে ৩৬ জন কন্যাশিশু এবং ১৮ জন নারী। এর মধ্যে ৮ জন কন্যাশিশুসহ ১৩ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এবং ধর্ষণের পর এক কন্যাশিশুসহ দুজনকে হত্যা করা হয়েছে। এছাড়া ১১ জন কন্যাশিশুসহ ১৪ জন ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন।
আগস্টে ২৪ জন কন্যাশিশুসহ ৩০ জন যৌন সহিংসতার শিকার হয়েছেন, যার মধ্যে ১৪ জন যৌন নিপীড়ন ও ৯ জন উত্ত্যক্তকরণের শিকার। সাইবার সহিংসতার শিকার হয়েছেন চার কন্যাশিশুসহ সাতজন। এছাড়া হত্যাচেষ্টা, অগ্নিদগ্ধ, আত্মহত্যা, গৃহকর্মী নির্যাতন, পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ ও অপহরণের মতো ঘটনাও উঠে এসেছে। মহিলা পরিষদ বলছে, গণমাধ্যম-ভিত্তিক এই পরিসংখ্যান নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরছে।