সাংগঠনিক মাস উপলক্ষ্যে সাতক্ষীরায় মহিলা পরিষদের কর্মী সমাবেশ
বাংলাদেশ মহিলা পরিষদের সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বুধবার (৯ সেপ্টেম্বর, ২০২৬) সাতক্ষীরার রাজার বাগানে একটি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১লা সেপ্টেম্বর থেকে ৩০শে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত পালিত সাংগঠনিক মাসের অংশ হিসেবে "বাংলাদেশ মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি" স্লোগানকে সামনে রেখে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র, পরিবেশ সম্পাদক ফরিদা খাতুন, প্রোগ্রাম এক্সিকিউটিভ মোঃ মফিজুল ইসলাম, এবং জেলা ও পাড়া কমিটির নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘদিন ধরে নারীদের অধিকার নিয়ে কাজ করছে এবং মানবমুক্তি তথা নারীমুক্তির নিরবিচ্ছিন্ন আন্দোলনের ঐতিহ্য বহন করে চলেছে। তারা উল্লেখ করেন, এই সংগঠনের জন্ম আবহমান বাংলার অসাম্প্রদায়িক সংস্কৃতি ও আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায়, যেখানে রোকেয়া সাখাওয়াত হোসেন, বীর কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার এবং কবি সুফিয়া কামালের মতো নারী জাগরণের অগ্রদূতদের অবদান সংগঠনের কাছে প্রেরণার উৎস হিসেবে কাজ করে।