হত্যা, নিখোঁজ ও সহিংসতায় সরকারের জবাবদিহি এবং নারী-শিশু-সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি
২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘হত্যা, নিখোঁজ ও সহিংসতার বিষয়ে সরকারের জবাবদিহিতা দৃশ্যমান করো; শিশু, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করো’ প্রতিপাদ্যে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট সালমা আলী। তিনি অপরাধ দমনে পুলিশ, আইনজীবী ও বিচার বিভাগের সমন্বিত জবাবদিহিতা, দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের ওপর জোর দেন এবং সহিংসতা প্রতিরোধে সরকারকে নাগরিক সমাজের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম নারী, শিশু ও হিন্দু সম্প্রদায়ের ওপর হত্যা-নির্যাতন বন্ধে ক্ষমতা ও অপরাধের দীর্ঘদিনের ‘অশুভ আঁতাত’ ভাঙার আহ্বান জানান এবং মাদক নিয়ন্ত্রণ, নারী-শিশু নির্যাতন প্রতিরোধ ও দ্রুত বিচার নিশ্চিতে সরকারকে আরও তৎপর হওয়ার দাবি জানান। তিনি গণমাধ্যমকে ভুক্তভোগীকে দোষারোপ করার প্রবণতা এড়াতে আহ্বান জানান। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের শাহনাজ সুমী, গণসাক্ষরতা অভিযানের শামসুন্নাহার কলি, এডাবের নুরুল আমিন এবং কর্মজীবী নারীর সানজিদা সুলতানা, যারা রাষ্ট্রযন্ত্রের নিষ্ক্রিয়তা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পারস্পরিক দোষারোপের প্রবণতার সমালোচনা করেন। বাংলাদেশ মহিলা পরিষদের জনা গোস্বামী পুলিশ সদর দপ্তরের তথ্য উদ্ধৃত করে জানান, ২০২৬ সালের প্রথম সাত মাসে ১৫,৭১৭টি শিশু নিখোঁজের ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে ১৩,৬৭৯ জন উদ্ধার হলেও এখনো ২,০৩৮ জন নিখোঁজ রয়েছে।